বিয়ে বিলম্বিত হওয়া নিয়ে হতাশ হবেন না বোন
বিয়ে বিলম্বিত হওয়া নিয়ে হতাশ হবেন না বোন!
বর্তমান সময়ে অনেক বোনকে বিয়ে না হওয়া নিয়ে দুশ্চিন্তা ও হতাশায় ভুগতে দেখা যায়। কারও বয়স বেড়ে যাচ্ছে, কারও পরিবারের চাহিদা বেশি, কেউ হিদায়াত পাওয়ার পর নিজের জীবনকে দ্বীনের পথে পরিচালিত করতে চাইলেও পরিবার সেই পরিবর্তন মেনে নিতে পারছে না। আবার অনেক সময় সবকিছু ঠিক থাকার পরও একজন দ্বীনদার ও উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়।
এসব কারণে অনেক বোন মানসিকভাবে ভেঙে পড়েন এবং মনে করেন, "আমার বিয়ে কেন হচ্ছে না?"
কিন্তু একটু ভেবে দেখুন বোন, আমরা কি শুধু বিয়ে করার জন্যই পৃথিবীতে এসেছি?
নিশ্চয়ই না।
হ্যাঁ, বিয়ে ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। অনেক ক্ষেত্রে এটি প্রয়োজনীয়ও হতে পারে। কিন্তু বিয়ে বিলম্বিত হওয়া মানেই জীবনের সবকিছু শেষ হয়ে যাওয়া নয়।
বিয়ে হচ্ছে না বলে সারাক্ষণ দুশ্চিন্তা করলে কি বিয়ে দ্রুত হয়ে যাবে?
বরং অতিরিক্ত দুশ্চিন্তা, হতাশা ও নিরাশা মানুষের ঈমান, মনোবল এবং আল্লাহর প্রতি ভরসাকে দুর্বল করে দেয়। এজন্য একজন মুমিনের উচিত সব পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা।
আল্লাহ তা'আলা বলেন:
"শয়তান তার বন্ধুদের দ্বারা তোমাদের ভয় দেখায়। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না; বরং আমাকে ভয় কর, যদি তোমরা মুমিন হও।"
— (সূরা আলে ইমরান: ১৭৫)
আরও বলেন:
"আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তাঁর জন্য আল্লাহই যথেষ্ট।"
— (সূরা আত-তালাক: ৩)
কতই না সান্ত্বনাময় এই আয়াত!
যার অভিভাবক স্বয়ং আল্লাহ, তার জন্য হতাশার কী কারণ থাকতে পারে?
মনে রাখবেন, আপনার তাকদীর আল্লাহ বহু আগেই নির্ধারণ করে রেখেছেন। এই দুনিয়া একটি পরীক্ষার স্থান। কাউকে আল্লাহ দ্রুত দেন, কাউকে দেরিতে দেন, আবার কাউকে কোনো কিছু না দিয়েও পরীক্ষা করেন।
হয়তো আপনার জন্য এই সময়টি সবরের পরীক্ষা।
আল্লাহ তা'আলা বলেন:
"নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।"
— (সূরা আল-বাকারা: ১৫৩)
তাই বোন, এই সময়টাকে হতাশার মধ্যে নষ্ট না করে নিজের ঈমান, আমল, ইলম ও চরিত্র গঠনে ব্যয় করুন। হয়তো এই অবসর সময়টুকুই আপনার জন্য আল্লাহর বিশেষ নিয়ামত।
বিয়ের পর জীবনের দায়িত্ব অনেক বেড়ে যেতে পারে। তাই বর্তমান সময়কে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ হিসেবে গ্রহণ করুন।
আর কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না।
আল্লাহ তা'আলা তাঁর প্রিয় নবী ﷺ-কে বলেছেন:
"এবং অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এত কিছু দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।"
— (সূরা আদ-দুহা: ৫)
যে রব তাঁর বান্দাকে সন্তুষ্ট করার প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর ব্যাপারে সুন্দর ধারণা রাখুন।
প্রচুর দু'আ করুন, ইস্তিগফার করুন এবং তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে মন খুলে প্রার্থনা করুন। আপনি কেমন জীবনসঙ্গী চান, কী ধরনের সংসার চান—সবকিছু আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে তুলে ধরুন।
রাসূলুল্লাহ ﷺ দুশ্চিন্তা দূর করার জন্য এই দু'আ শিক্ষা দিয়েছেন:
"হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের বোঝা এবং মানুষের প্রভাব ও জুলুম থেকে।"
— (সহিহ বুখারি)
প্রিয় বোন,
আপনার রব অত্যন্ত দয়ালু, পরম করুণাময়। তিনি আপনার অবস্থা জানেন, আপনার কষ্ট জানেন, আপনার অন্তরের কথা জানেন।
তাই হতাশ হবেন না, নিরাশ হবেন না। ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং তাঁর দিকে ফিরে আসুন।
ইনশাআল্লাহ, আল্লাহ আপনার জন্য এমন সময় ও এমন ব্যবস্থা নির্ধারণ করে রেখেছেন, যা আপনার জন্য সর্বোত্তম।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য, তাকওয়া এবং তাঁর ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তাওফিক দান করুন। আমীন।।।@#৳%&*🤲💖✌️✌️✌️💖💖💖
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment